১১ জুলাই ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে প্রথম পুলিশি হামলার শিকার হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে স্বীকৃতি দিয়ে ১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে দিনটিকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সিন্ডিকেট সদস্য-সচিব মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।তিনি জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় ১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদেশে প্রথম পুলিশি হামলার মুখোমুখি হন। সেদিন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হলে অসংখ্য শিক্ষার্থী আহত হন। সেই ঘটনার স্মৃতি সংরক্ষণ ও শিক্ষার্থীদের ভূমিকার স্বীকৃতি দিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।উল্লেখ্য, ২০২৫ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘স্মৃতির মিনার’ অনুষ্ঠানে তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমবারের মতো ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেছিলেন। সর্বশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্তের মাধ্যমে দিনটি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করল।