প্রতিবন্ধী শিশুদের জন্য চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’ প্রকল্প
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কার্যকর পুনর্বাসন নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ নামে নতুন একটি পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম শুরু হবে।বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিতকরণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান।সভায় তারেক রহমান বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা রক্ষা ও তাদের সক্ষমতা মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে শিক্ষা, চিকিৎসা ও নাগরিক সুবিধাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন।তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা যেন সমাজ ও রাষ্ট্রের প্রতিটি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে।ভবন নির্মাণ নীতিমালার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাসপাতাল, রেস্তোরাঁসহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। হুইলচেয়ার ব্যবহারকারীদের সহজ চলাচলের জন্য দরজার নকশাও উপযোগী করার নির্দেশ দেন তিনি।এছাড়া নারীদের জন্য পরিকল্পিত নতুন ইলেকট্রিক বাস সার্ভিসে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা রাখারও নির্দেশনা দেওয়া হয়।সভায় সারা দেশের প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম নিবিড়ভাবে তদারকির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় তাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কে বিশেষ প্রচারণামূলক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন মীর শাহে আলম, এম এ মুহিত, ইয়াসির খান চৌধুরী, ফারজানা শারমিন পুতুল, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।