কামিন্স সময় চাইলেন, অস্ট্রেলিয়া দিল একাদশ
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চার পেসার নিয়ে নামবে কি না, নাকি একাদশে রাখা হবে অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন সিদ্ধান্ত নিতে আরও এক দিন সময় চেয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।তবে অপেক্ষা করতে হলো না বেশি সময়। সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।শেষ পর্যন্ত ১৪ বছরের ধারাবাহিকতা ধরে রেখেছে স্বাগতিকরা। একাদশে জায়গা পেয়েছেন নাথান লায়ন। একটি পরিবর্তন এনে শনিবার ম্যাকাইয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন ব্যাটার ম্যাথু রেনশ।শুক্রবার সংবাদ সম্মেলনে কামিন্স জানিয়েছিলেন, চার পেসার নাকি একজন স্পিনার এ সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন। এরপর নির্বাচকদের বৈঠকে লায়নকে রেখেই চূড়ান্ত করা হয় একাদশ।লায়ন থাকায় বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। ফলে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন পেস আক্রমণে থাকছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন লায়ন।অস্ট্রেলিয়ার একাদশে একমাত্র পরিবর্তন এসেছে ওপেনিংয়ে। জেক ওয়েদারাল্ডের জায়গায় ফিরেছেন ম্যাথু রেনশ। সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলা এই বাঁহাতি ব্যাটার এবার ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস শুরু করবেন।ডারউন টেস্টে ব্যর্থতার কারণে বাদ পড়েছেন ওয়েদারাল্ড। প্রথম টেস্টের দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ২৩ ও ০ রান। অন্যদিকে সর্বশেষ শেফিল্ড শিল্ড মৌসুমে ভালো পারফরম্যান্স করে দলে ফিরেছেন রেনশ।তবে দীর্ঘ সময় রান না পেলেও তিন নম্বর পজিশনে থাকছেন মার্নাস লাবুশেন। ডারউন টেস্টে দুই ইনিংসে মাত্র ৩২ রান করলেও নির্বাচকদের আস্থা পেয়েছেন তিনি। একাদশে জায়গা হয়নি জশ ইংলিসের।বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, বাংলাদেশ খুব ভালো খেলেছে এবং তারা একটি শক্তিশালী ক্রিকেট দল।ডারউনে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।এই ম্যাচে জয় বা ড্র পেলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। অন্যদিকে সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের বিকল্প নেই।
অস্ট্রেলিয়া একাদশ:
ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।