সব বিভাগে আইনজীবীদের উচ্চতর প্রশিক্ষণ, শুরু চট্টগ্রাম-খুলনায়
আইনজীবীদের পেশাগত দক্ষতা, সততা ও নৈতিকতার মানোন্নয়নে দেশের সব বিভাগে পর্যায়ক্রমে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ২০২৬ সালের মধ্যেই চট্টগ্রাম ও খুলনা বিভাগে এ প্রশিক্ষণ শুরু হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ইউএনওডিসির বাংলাদেশ কার্যালয়ের প্রধান শাহ মোহাম্মদ নাহীয়ান এবং ইউএনডিপির জ্যেষ্ঠ উপদেষ্টা রোমানা শোয়াইগার অংশ নেন। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি বিভাগে সংশ্লিষ্ট জেলা বার ও চৌকি বারের আইনজীবীরা প্রতিনিধিত্বের ভিত্তিতে প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। চট্টগ্রাম ও খুলনায় কার্যক্রম শুরুর পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও এ প্রশিক্ষণ সম্প্রসারণ করা হবে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো আইনজীবী ও আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করা। বিচারব্যবস্থায় পেশাগত নৈতিকতার চর্চা ও জবাবদিহিতার ওপরও গুরুত্ব দেওয়া হবে। এর আগে জাতিসংঘ ও ইউএনডিপির সহযোগিতায় ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের জন্য দুই দিনব্যাপী পেশাগত নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় এবার জেলা ও চৌকি বার পর্যায়ের আইনজীবীদেরও প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ইউএনডিপি, আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের যৌথ সহযোগিতায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনের সিদ্ধান্তও বৈঠকে হয়েছে।