কন্যার মা হলেন পূজা ব্যানার্জি, প্রকাশ্যে মেয়ের প্রথম ঝলক
ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জির ঘরে এসেছে নতুন সুখবর। দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। ১৪ আগস্ট কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। তারকা দম্পতি পূজা ব্যানার্জি ও কুনাল ভার্মার এটি দ্বিতীয় সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক কন্যার প্রথম ভিডিও শেয়ার করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পূজা। ভিডিওতে সন্তানের জন্মের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে।পোস্টের ক্যাপশনে পূজা লিখেছেন, আমার ছোট্ট মেয়ের প্রথম ঝলক। মেয়ের আগমনে আনন্দে ভাসছেন পূজা-কুনালসহ পুরো পরিবার।প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে বিয়ে করেন পূজা ব্যানার্জি ও কুনাল ভার্মা। একই বছরের অক্টোবরে প্রথমবার পুত্রসন্তানের মা হন পূজা। এবার কন্যাসন্তানের বাবা-মা হয়ে নতুন আনন্দে মাতোয়ারা এই দম্পতি।
হিন্দি টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন পূজা। এরপর বেশ কয়েকটি হিন্দি গানের মিউজিক ভিডিওতে কাজ করেন তিনি। পরে তেলেগু সিনেমা ‘ভিড়ু থেড়া’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।