খুলনায় নবাগত এসপি তাজুল ইসলামের কড়া বার্তা
খুলনায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা)-এর সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। শুরুতেই পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় সাংবাদিকরা খুলনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং জননিরাপত্তা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।জবাবে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে। তিনি জোর দিয়ে বলেন, খুলনার কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে।তিনি আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত খুলনা গড়ে তুলতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তথ্য উপস্থাপন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবির সিদ্দিকি শুভ্র (পিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।