পুলিশ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, সতর্ক করল সদর দপ্তর
পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সতর্কবার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, প্রতারক চক্র সরকারি কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। তারা বিভিন্ন অজুহাতে অর্থ দাবি ও তদবিরের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।পুলিশ জানায়, এ ধরনের প্রতারণার কারণে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্টে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হলেই সেটিকে ওই ব্যক্তির প্রকৃত অ্যাকাউন্ট বা নম্বর হিসেবে নিশ্চিতভাবে ধরে নেওয়া যাবে না।এ ধরনের সন্দেহজনক বার্তা, অনুরোধ বা অর্থ দাবিতে সাড়া না দিতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে পুলিশ।কোনো ব্যক্তি এমন প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পাশাপাশি সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।