গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা এবং বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ জুলাই) পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন।সভায় জুন ২০২৬ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।কল্যাণ সভার শেষ পর্বে গোপালগঞ্জ সদর থানার বদলিকৃত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সহকর্মীরা তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।একই দিনে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুন ২০২৬ মাসে দায়ের হওয়া মামলার তদন্ত অগ্রগতি, বিচারিক কার্যক্রম ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় তদন্তাধীন মামলাগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।