৪০ দিন পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ সজীব
প্রায় ৪০ দিন নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরেছেন গোপালগঞ্জ সদর উপজেলার মানসিকভাবে অসুস্থ যুবক সজীব (২২)। গোপালগঞ্জ সদর থানা পুলিশের ধারাবাহিক অনুসন্ধান ও তৎপরতায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার পুরাতন মানিকদাহ এলাকার বাসিন্দা সজীব গত ১৫ মে থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা ২০ মে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।তদন্তের একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পুলিশের নজরে আসে। সেখানে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি ঢাকার মগবাজার ফ্লাইওভারের আশপাশে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এবং নিজেকে “সজীব পুলিশ” বলে পরিচয় দিচ্ছেন। ভিডিওটি যাচাই করে পুলিশ রাজধানীতে অনুসন্ধান শুরু করে।গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান কার্যক্রম চালায়। পাশাপাশি ভিডিও প্রকাশকারী ব্লগারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হয়।দীর্ঘ অনুসন্ধানের পর গত ২৪ জুন বিকেলে সজীবের অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়। পরে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তার মা ও স্বজনরা।
স্থানীয়রা জানান, নিখোঁজ যুবককে খুঁজে বের করতে গোপালগঞ্জ সদর থানা পুলিশের নিষ্ঠা, ধৈর্য ও মানবিক ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার।