যুক্তরাষ্ট্র-চীন বৈঠকের মাঝেই চীন যাচ্ছেন পুতিন, বিশ্ব রাজনীতিতে নতুন ইঙ্গিত
দুই দিনের সফরে চীন অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, তিনিও শিগগিরই চীন সফরে যাচ্ছেন।বৃহস্পতিবার (১৪ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করে জানান, সফরের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীন বৈঠকের মাঝেই পুতিনের এই ঘোষণা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বার্তা দিচ্ছে। পুতিন ও শি জিনপিং এর আগে ৪০ বারেরও বেশি বৈঠক করেছেন এবং ২০২২ সালে ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেন।এদিকে বেইজিংয়ের গ্রেট হলে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকটি ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উভয় দেশ একটি ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল’ সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়েছে।এছাড়া ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং-কে হোয়াইট হাউসে ফিরতি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর সম্ভাব্য এই বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।
চীনের ফার্স্ট লেডি পেং লিইয়ুয়ান-কেও বিশেষভাবে আমন্ত্রণ জানান ট্রাম্প।