ইরানকে পূর্ণ সমর্থন পুতিনের, যুদ্ধ তীব্র করার ঘোষণা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে পূর্ণ সমর্থনের বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি।কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ১০ দেশের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক জোট সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন (এসসিও)-এর দুদিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন।ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে কাজ করার বিষয়ে স্বাচ্ছন্দ্য প্রকাশ করেন পুতিন। তিনি বলেন, ট্রাম্পের ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তিদের সঙ্গে কাজ করতে রাশিয়া স্বাচ্ছন্দ্যবোধ করে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ মস্কো সফর করে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর তাগিদ দেওয়ার খবরের বিষয়ে পুতিন বলেন, স্নায়ুযুদ্ধের তীব্র উত্তেজনার সময়ও দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে যোগাযোগ ছিল। তবে বর্তমানে সেই ধরনের যোগাযোগ কিছুটা স্থগিত রয়েছে।এর আগে মঙ্গলবার এসসিও বৈঠকের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পুতিন। সেখানে ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির জনগণের সাহস ও দৃঢ়তার প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।পেজেশকিয়ানকে উদ্দেশ করে পুতিন বলেন, ইরানের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে মস্কো। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রয়োজনীয় পণ্য সরবরাহের কথাও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।
এদিকে অভিযোগ রয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর থেকে মস্কো তেহরানকে গোয়েন্দা তথ্যসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। একই সঙ্গে ক্যাস্পিয়ান সাগরপথে ইরানে ড্রোন তৈরির বিভিন্ন যন্ত্রাংশ পাঠানোর অভিযোগও রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।