ময়মনসিংহে ৫০০ টাকায় খুন, নাতির মতো সম্পর্কেও নেই রেহাই
ময়মনসিংহের কোতোয়ালি থানার মীরকান্দাপাড়া গ্রামে মাত্র ৫০০ টাকার বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধা নূরজাহান ৬০ হত্যার ঘটনায় মূল আসামি মো. রনি মিয়াকে ২৬ গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।পিবিআই সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জানুয়ারি নিজ বাড়ির রান্নাঘরের পাশে নূরজাহানের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মেয়ে নূরুন্নাহার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ তদন্তের পর পিবিআইয়ের বিশেষ টিম শনিবার ২ মে ভোররাতে কোতোয়ালি থানার শম্ভুগঞ্জ এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে। তিনি একই এলাকার ওয়েল্ডিং মিস্ত্রি এবং নিহত নূরজাহানকে নানি বলে ডাকতেন।তদন্তে জানা যায়, পরিচয়ের সূত্রে রনি নূরজাহানের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। পরে ওই টাকা নিয়ে বিরোধের জেরে ঘটনার দিন রাতে তিনি বৃদ্ধার বাড়িতে যান। একপর্যায়ে কথাকাটাকাটির পর ক্ষুব্ধ হয়ে শিল-পাটায় নূরজাহানের মাথায় আঘাত করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে আরও একাধিকবার আঘাত করা হয় এবং মরদেহ খড় দিয়ে ঢেকে পালিয়ে যান তিনি।পিবিআই জানিয়েছে, জিজ্ঞাসাবাদে রনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার জানান, একটি সামান্য অর্থের কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
বর্তমানে আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।