রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।চুক্তিতে রাবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং পার্কভিউ হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর ডা. এ.টি.এম. রেজাউল করিম।এই সমঝোতার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।চুক্তি অনুযায়ী প্যাথলজি সেবায় ৩৫% ছাড়, এক্স-রে, সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনোগ্রাম, ইকো ও ইটিটি সেবায় ২৫% ছাড় এবং হাসপাতালে ভর্তি অবস্থায় ৭০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ সুবিধা পেতে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও প্রত্যয়নপত্র দেখাতে হবে।অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জরুরি চিকিৎসা সেবা সহজে ও সাশ্রয়ী মূল্যে পাবেন, যা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।সভায় উভয় প্রতিষ্ঠানের অবকাঠামো, চিকিৎসা ব্যবস্থা, জনবল ও সেবার মান তুলে ধরা হয়। এছাড়া রাবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তিটি আগামী দুই বছর কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতিতে নবায়নযোগ্য হবে।