রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

চেরনোবিলের কাছে পারমাণবিক জ্বালানি কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সংরক্ষণাগারটি পরিত্যক্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে অবস্থিত।জানা গেছে, ইরানে তৈরি ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। এতে ভবনটির কিছু ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের পারমাণবিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ও ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা জানিয়েছে, হামলার পর এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে এবং তাৎক্ষণিক কোনো ঝুঁকি দেখা যায়নি।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ইচ্ছাকৃত ও জঘন্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি রাশিয়ার আগ্রাসী মনোভাবের আরেকটি প্রমাণ।চেরনোবিল দুর্ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মাইল দূরে হওয়ায় এই হামলা নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চলমান যুদ্ধের মধ্যে এমন সংবেদনশীল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের বহু ড্রোন ভূপাতিত করেছে, তবে চেরনোবিল এলাকার হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

চেরনোবিলের কাছে পারমাণবিক জ্বালানি কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা