রৌমারীর ‘পাতি মাস্তান কমেডি’র ১০ লাখ ফলোয়ার
কুড়িগ্রামের রৌমারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গ্রুপ ‘পাতি মাস্তান কমেডি’ এক মিলিয়ন বা ১০ লাখ ফলোয়ারের মাইলফলক অর্জন করেছে। এ উপলক্ষে আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানে উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর, দর্শক, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে রৌমারীর সায়দাবাদ এলাকায় এ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।‘পাতি মাস্তান কমেডি’ নিয়মিত হাস্যরসাত্মক ও বিনোদনমূলক ভিডিও প্রকাশের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তাদের ভিডিওতে স্থানীয় জীবনযাপন, সামাজিক নানা ঘটনা, দৈনন্দিন অভিজ্ঞতা ও মজার বিষয়গুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়।বিশেষ করে তাদের ভিডিওর ‘মগা’ চরিত্রে অভিনয় করা ব্যক্তির অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার অঙ্গভঙ্গি, সংলাপ বলার ধরন ও স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের বিনোদিত করেছে। ‘মগা’সহ দলের অন্যান্য সদস্যদের অভিনয়ও ভিডিওগুলো জনপ্রিয় হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন স্থানীয় দর্শকরা।স্থানীয়দের মতে, রৌমারীর মতো প্রত্যন্ত এলাকার জীবনযাপন ও স্থানীয় সংস্কৃতিকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করে ‘পাতি মাস্তান কমেডি’ সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছে। ভিডিওতে স্থানীয় ভাষা ও পরিচিত পরিবেশ থাকায় দর্শকদের কাছেও তা সহজেই গ্রহণযোগ্য হয়েছে।এক মিলিয়ন ফলোয়ার পূর্ণ হওয়াকে নিজেদের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন গ্রুপটির সদস্যরা। তারা জানান, দর্শকদের ভালোবাসা ও উৎসাহই নতুন কনটেন্ট তৈরির মূল অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও মানসম্মত ও বিনোদনমূলক ভিডিও উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, স্থানীয় প্রতিভা তুলে ধরারও বড় প্ল্যাটফর্ম। রৌমারীর তরুণরা নিজেদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে অনলাইনে যে পরিচিতি তৈরি করছেন, তা ইতিবাচক দৃষ্টান্ত।এক মিলিয়ন ফলোয়ার পূর্তির আয়োজন ঘিরে সায়দাবাদ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ছবি তোলা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটান দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা।
স্থানীয়দের প্রত্যাশা, ‘পাতি মাস্তান কমেডি’ ভবিষ্যতে আরও সৃজনশীল ও ইতিবাচক কনটেন্ট তৈরি করে রৌমারীর পরিচিতি দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরবে।