সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

অভিভাবকহীন পাকেরহাট শিশু পার্ক, উদ্বিগ্ন এলাকাবাসী

দিনাজপুরের পাকেরহাটে শিশুদের বিনোদন ও মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত শিশু পার্কটি বর্তমানে অবহেলা ও অযত্নে ধ্বংসের মুখে পড়েছে। একসময় শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর থাকা পার্কটি এখন ভাঙাচোরা স্থাপনা, ক্ষতিগ্রস্ত ভাস্কর্য এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পাকেরহাটের পুরাতন হাসপাতাল মাঠে শিশুদের জন্য আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে পার্কটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর থেকেই জমির মালিকানা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না থাকায় পার্কটি কার্যত অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে।স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের পর কিছুদিন শিশুদের উপস্থিতি থাকলেও নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে পার্কের অবকাঠামো নষ্ট হতে শুরু করে। বর্তমানে বিভিন্ন ভাস্কর্য, বসার স্থান, সীমানা কাঠামো ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ভাঙা অংশগুলো শিশুদের জন্য ঝুঁকিও তৈরি করছে।এলাকাবাসী জানান, পার্কটির উন্নয়ন ও পরিচালনার জন্য কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা না নেওয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সংস্কার কার্যক্রম সম্পূর্ণভাবে উপেক্ষিত রয়েছে।স্থানীয় সচেতন মহল মনে করেন, শিশু পার্ক শুধু বিনোদনের স্থান নয়; এটি শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশুদের মুক্ত পরিবেশে খেলাধুলা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে এমন পার্কের বিকল্প নেই।তারা দ্রুত পার্কটির মালিকানা ও ব্যবস্থাপনা বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ, প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার ও উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে পাকেরহাট শিশু পার্ককে আবারও শিশুদের প্রাণচঞ্চল বিনোদন কেন্দ্রে পরিণত করা হোক। অন্যথায় সরকারি অর্থে নির্মিত এ স্থাপনাটি অচিরেই সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে।

অভিভাবকহীন পাকেরহাট শিশু পার্ক, উদ্বিগ্ন এলাকাবাসী