বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

সাঘাটায় যমুনা তীর রক্ষা প্রকল্পে অনিয়ম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। এতে নদীতীরবর্তী এলাকার মানুষ নতুন করে ভাঙনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অধীনে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে হলদিয়া এলাকায় প্রায় ২৫০ মিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে। প্যাকেজ নং-১২ এর আওতায় প্রকল্পটির চুক্তিমূল্য প্রায় ১৭ কোটি টাকা।সরেজমিনে দেখা যায়, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কাজ দ্রুত শেষ করতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করছে। এতে কাজের মান বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয় সূত্রে জানা গেছে, ব্লক পিচিংয়ে ব্যবহৃত অনেক ব্লক ক্ষতিগ্রস্ত। নিয়ম অনুযায়ী ৪ ইঞ্চি পুরুত্বের খোয়া ব্যবহারের কথা থাকলেও সেখানে নিম্নমানের ও রাবিশ মিশ্রিত খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়া ঢালাই কাজেও নিম্নমানের পাথর ও বালু ব্যবহারের অভিযোগ রয়েছে।স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, এভাবে কাজ হলে বর্ষায় আবার ভাঙন শুরু হতে পারে। রহিমা বেগম জানান, আগের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে এখন নতুন করে আতঙ্কে আছেন তারা।প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত মানসম্মত কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে আসন্ন বর্ষায় নতুন করে ভাঙনের শিকার না হতে হয়।

সাঘাটায় যমুনা তীর রক্ষা প্রকল্পে অনিয়ম