লাখাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত র্যালি-আলোচনা-চেক বিতরণ
হবিগঞ্জের লাখাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণের চেক এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পজিব কর্মকর্তা কেএম আব্দুস শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, বিআরডিবির চেয়ারম্যান আল-আমীন ইসলাম অনিক, পল্লী উন্নয়ন কর্মকর্তা তফাজ্জল হোসেন খান এবং চেকপোস্ট প্রতিনিধি এম. এ. ওয়াহেদ।বক্তারা ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। যুবক-যুবতীসহ নারী-পুরুষকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং সহজ শর্তে ঋণ দিয়ে স্বাবলম্বী করে তুলতে পল্লী উন্নয়ন বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন পজিব কর্মকর্তা কেএম আব্দুস শাহেদ।অনুষ্ঠানের শেষে সমিতির দুই সদস্যের হাতে প্রত্যেককে ১ লাখ ৭৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক এবং গাছের চারা তুলে দেন অতিথিরা।