সুন্দরবনে পর্যটকদের ওপর ডাকাতির চেষ্টা কোস্টগার্ডের অভিযান
সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে একটি ডাকাতচক্র হামলা ও লুটপাটের চেষ্টা চালিয়েছে। তবে দ্রুত অভিযানে দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।ঘটনাটি ঘটে সোমবার ৪ মে ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল-সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্ট এলাকায়। সেখানে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।রিসোর্ট কর্তৃপক্ষ টের পেয়ে প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বিষয়টি কোস্টগার্ডকে জানানো হলে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযান চালানো হয়।মঙ্গলবার ৫ মে বিকেলে কোস্টগার্ড বেইস মোংলা ও ঢাংমারী এলাকায় অভিযান চালিয়ে রাজন সরদার ও রতন সরদারকে আটক করা হয়।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আটক দুজনকে পরে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, উপকূলীয় ও সুন্দরবন এলাকায় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।