সোনাতলায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার
বগুড়ার সোনাতলা উপজেলায় পৃথক অভিযানে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি, ব্যাংকের চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি এবং ইয়াবাসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার পরিচালিত এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছে সোনাতলা থানা পুলিশ।থানা সূত্রে জানা গেছে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে উপজেলার দিগদাইর ইউনিয়নের শিহিপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. শাহ আলম মঞ্জু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ মে গভীর রাতে কলেজ স্টেশন এলাকার এক নারীর ঘরে অবৈধভাবে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের অভিযোগ রয়েছে মঞ্জু মিয়ার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় ওই নারীর দুই সন্তান ঘুমিয়ে ছিল এবং তাঁর স্বামী বিদেশে কর্মরত ছিলেন। এছাড়া ঘটনার ভিডিও ধারণের অভিযোগও রয়েছে, যা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এ মামলার অপর দুই আসামি মো. স্বাধীন ইসলাম ও মো. রবিউল ইসলাম এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এদিকে পৃথক অভিযানে ব্যাংকের চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামের মো. মোস্তাফিজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।