বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ওটিটিতে আসছে চঞ্চলের ‘পদাতিক’, মৃণাল সেনের গল্প

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন ও চলচ্চিত্রযাত্রা নিয়ে নির্মিত সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় দুই বছর পর আগামী ২৮ আগস্ট শুক্রবার জি ফাইভে সিনেমাটির প্রিমিয়ার হবে।ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং ওয়ার্ল্ড’-এর প্রতিবেদনে জি ফাইভের প্রকাশিত বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানানো হয়েছে।সিনেমাটিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয় সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। মৃণাল সেনের জীবনের বিভিন্ন সময়, চলচ্চিত্র নির্মাণের সংগ্রাম এবং ভারতীয় সমান্তরাল চলচ্চিত্রে তার অবদানকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘পদাতিক’।শুধু নির্মাতা হিসেবে নয়, মৃণাল সেনের ব্যক্তিজীবনের নানা দিকও তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। তার স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ। কিশোর বয়সের মৃণাল সেন চরিত্রে দেখা গেছে কোরক সামন্তকে। তাদের সন্তান কুণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন সম্রাট চক্রবর্তী।চঞ্চল চৌধুরীর জন্য ‘পদাতিক’ ছিল বিশেষ এক চ্যালেঞ্জের কাজ। সিনেমার শুটিং শুরুর আগেই তার বাবা মারা যান। ব্যক্তিগত শোক সামলে মৃণাল সেনের মতো একজন কিংবদন্তির চরিত্রে অভিনয় করতে হয় তাকে।এক সাক্ষাৎকারে চঞ্চল জানিয়েছিলেন, সিনেমাটি দেখলে তার বাবার কথা মনে পড়ে। তার মতে, শুধু চেহারার মিল নয়, বরং মৃণাল সেনের চিন্তা, ব্যক্তিত্ব ও ভেতরের মানুষটিকে ফুটিয়ে তোলাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।২০২৪ সালের ১৫ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পদাতিক’। একই সময়ে বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি আমদানি করলেও নানা পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি আটকে যায়।চঞ্চল জানান, কলকাতার আর জি কর আন্দোলন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে সে সময় সিনেমাটি দেশে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। পরে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সীমিত পরিসরে বাংলাদেশি দর্শক সিনেমাটি দেখার সুযোগ পান।এর আগে ২০২৫ সালের মে মাসে জি বাংলায় সিনেমাটির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের খবর প্রকাশিত হয়। এবার ওটিটি মুক্তির মাধ্যমে আরও বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছাবে ‘পদাতিক’। তবে বাংলাদেশে জি ফাইভের সরাসরি সেবা বর্তমানে চালু নেই। ২০২৩ সালের জানুয়ারিতে প্ল্যাটফর্মটি বাংলাদেশে তাদের স্ট্রিমিং কার্যক্রম বন্ধ করে দেয়।

ওটিটিতে আসছে চঞ্চলের ‘পদাতিক’, মৃণাল সেনের গল্প