যাত্রী সেজে স্বর্ণালঙ্কার চুরি, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ১১ নারী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে অভিযান চালিয়ে ১১ জন নারী পকেটমারকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।শুক্রবার (১০ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই চক্রের সদস্যরা বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে উঠে বিশেষ করে নারী যাত্রীদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।