মানিকগঞ্জে ৬ দাবিতে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চীনা মালিকানাধীন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি (বিডি) লিমিটেডের শ্রমিকরা ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। এতে কিছু সময়ের জন্য ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।বুধবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-পাটুরিয়া মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।শ্রমিকদের অভিযোগ, গত ৭ এপ্রিল প্রকাশিত সরকারি গেজেটে নির্ধারিত ন্যূনতম মজুরি আগামী মাস থেকে কার্যকর করার আশ্বাস দেওয়া হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। পাশাপাশি তাদের ৬ দফা দাবিও উপেক্ষিত রয়েছে। এ কারণে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।কারখানার সুপারভাইজার নাজমুল হোসেন জানান, বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ জন প্রতিনিধিকে আলোচনায় ডাকে। আলোচনায় ভবিষ্যতে আন্দোলন করলে ওই প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করার কথা জানানো হয় বলে অভিযোগ করেন তিনি। শ্রমিকদের দাবি ছিল, সব শ্রমিককে নিয়ে খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধান করা হোক। তবে আলোচনার পর ১০ প্রতিনিধি ছাড়াও মোট ১৮ জন পদত্যাগ করেছেন বলে তিনি জানান।আন্দোলনরত শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য মজুরির দাবি জানিয়ে আসছেন। নতুন মজুরি গেজেট প্রকাশের পরও কেবল আশ্বাস দেওয়া হচ্ছে, বাস্তবে বেতন বৃদ্ধি করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।এর আগে গত ২০ জুন একই দাবিতে আন্দোলনের সময় শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সে সময় সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছিল।আন্দোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে দুপুর ১টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।