নেপালের দুর্যোগে রাবির নেপালি শিক্ষার্থীদের পাশে প্রশাসন
নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগে উদ্বেগ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপাচার্যের কনফারেন্স রুমে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, নেপালে সংঘটিত ভয়াবহ দুর্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর দুঃখ ও শোক প্রকাশ করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় নেপালি শিক্ষার্থীরা যেমন ব্যথিত, বিশ্ববিদ্যালয় পরিবারও তেমনি মর্মাহত।তিনি বলেন, নেপাল বাংলাদেশের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র। নেপালি শিক্ষার্থীরা শুধু বিদেশি শিক্ষার্থী নন, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। তাই তাদের এই দুঃসময়ে পাশে থাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।নেপালে থাকা পরিবার ও স্বজনদের নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক উল্লেখ করে উপাচার্য বলেন, দেশে যোগাযোগে কোনো সমস্যা হলে, সহায়তার প্রয়োজন হলে কিংবা ব্যক্তিগত কোনো সমস্যায় পড়লে শিক্ষার্থীদের প্রশাসনকে জানাতে হবে। ছাত্র উপদেষ্টা দপ্তর তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে।বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম বলেন, নেপালি শিক্ষার্থীরা যেকোনো প্রয়োজনে যোগাযোগ করলে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তাদের সার্বিক বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, নেপাল বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশ। পরিবার-স্বজন ছেড়ে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছেন। তাই সংকটের সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো তাদের পাশে থাকতে চায়।উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীমও নেপালের দুর্যোগে গভীর সমবেদনা জানিয়ে বলেন, সংকটময় সময়ে নেপালি শিক্ষার্থীদের একা মনে করার কোনো কারণ নেই। যেকোনো সমস্যা বা প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ডরমিটরির পরিচালক ড. মো. আবু বকর পিকে, ডরমিটরির ওয়ার্ডেন, সহকারী প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২২ জন নেপালি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।