রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

আফগানিস্তানকে উড়িয়ে এশিয়ান গেমসে নেপালের চমক

এশিয়ান গেমস ক্রিকেটে বড় চমক দেখিয়েছে নেপাল। তিনবারের রুপাজয়ী আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে তারা।শুক্রবার জাপানের নিশিনে টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। কিন্তু শুরু থেকেই নেপালের স্পিন আক্রমণে চাপে পড়ে যায় তারা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০২ রান সংগ্রহ করে আফগানরা।নেপালের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন কুশল ভুর্তেল। ২১ রান দিয়ে তিনি শিকার করেন ৪ উইকেট। ললিত রাজবংশী নেন আরও ৩ উইকেট। আফগানিস্তানের হয়ে ফয়সাল খান আহমাদজাই ও নাজিবুল্লাহ জাদরান করেন ৩০ রান করে।১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি নেপালের। কুশল ভুর্তেল শূন্য রানে এবং আসিফ শেখ মাত্র ২ রান করে ফেরেন।এরপর দলের হাল ধরেন সন্দীপ জোরা ও অধিনায়ক রোহিত পাউডেল। জোরা ৩৫ বলে ৩৪ রান করেন। অধিনায়ক পাউডেল ৩২ বলে অপরাজিত ৩৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে ম্যাচ জিতে নেয় নেপাল।আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেপালের সর্বশেষ জয় এসেছিল ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে। সেই ম্যাচে ৯ রানে জয় পেয়েছিল নেপাল।একই বছর ইনচন এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের কাছে ৮ রানে হেরেছিল তারা। এবার সেই আফগানিস্তানকেই হারিয়ে বড় বার্তা দিল নেপাল।এবারের আসরে আফগানিস্তান মূল জাতীয় দলের পরিবর্তে তরুণদের নিয়ে গড়া ‘আফগান আবদালিয়ান’ দল পাঠিয়েছে। তবে স্কোয়াডে নাজিবুল্লাহ জাদরান ও করিম জানাতের মতো অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছেন। গ্রুপ ‘এ’ থেকে সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। নেপালের পরবর্তী ম্যাচ শনিবার স্বাগতিক জাপানের বিপক্ষে।

আফগানিস্তানকে উড়িয়ে এশিয়ান গেমসে নেপালের চমক