শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

‘বামসি’ নুরেত্তিন ফিরছেন নতুন তুর্কি সিরিজে

তুর্কি ঐতিহাসিক মেগা ড্রামা ‘দিরিলিস আর্তুগ্রুল’-এ ‘বামসি আল্প’ চরিত্রে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা নুরেত্তিন সোনমেজ এবার যুক্ত হচ্ছেন আরেক আলোচিত সিরিজ ‘মেহমেদ ফেতিহলার সুলতানি’-তে। সিরিজটির নতুন মৌসুমকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে বড় পরিসরের প্রস্তুতি।টিআরটি ওয়ানের জনপ্রিয় এই পিরিয়ড ড্রামাটি নির্মাণ করছে মিরায় ইয়াপিম। নতুন মৌসুমের কাজ শুরু করতে আগামী ২৪ আগস্ট শিল্পী ও কলাকুশলীদের নিয়ে অনুষ্ঠিত হবে চিত্রনাট্য পাঠের আয়োজন। এরপর ২৭ আগস্ট হবে অফিসিয়াল পোস্টার শুট এবং ২৯ আগস্ট থেকে শুরু হবে মূল দৃশ্যধারণ।নতুন মৌসুমকে আরও আকর্ষণীয় করতে একাধিক নতুন অভিনয়শিল্পী যুক্ত করছে প্রযোজনা প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে সর্বশেষ চমক হিসেবে দলে যোগ দিয়েছেন নুরেত্তিন সোনমেজ।সিরিজের চতুর্থ মৌসুমে নুরেত্তিন সোনমেজকে দেখা যাবে ‘আলপাগুত তোরে বে’ চরিত্রে। তিনি তুর্কমেন বিশ্বের একজন প্রভাবশালী নেতা এবং আক্কোয়ুনলু রাজ্যের গুরুত্বপূর্ণ সেনাপতির ভূমিকায় অভিনয় করবেন।এর আগে ‘দিরিলিস আর্তুগ্রুল’-এ ‘বামসি আল্প’ চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন নুরেত্তিন। আর্তুগ্রুল গাজীর বিশ্বস্ত ও সাহসী যুদ্ধসঙ্গী হিসেবে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়।বামসি আল্প চরিত্রের অন্যতম আকর্ষণ ছিল তার অসাধারণ যুদ্ধদক্ষতা। দুই হাতে দুটি তলোয়ার নিয়ে লড়াইয়ের দৃশ্যগুলো দর্শকদের মাঝে তৈরি করেছিল আলাদা উত্তেজনা। নুরেত্তিন সোনমেজের শক্তিশালী অভিনয় ও অ্যাকশন দক্ষতা চরিত্রটিকে করে তুলেছিল স্মরণীয়। এবার নতুন ঐতিহাসিক সিরিজে তার উপস্থিতি তুর্কি ড্রামাপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।

‘বামসি’ নুরেত্তিন ফিরছেন নতুন তুর্কি সিরিজে