ইরানের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা, বিমান চলাচলেও কড়াকড়ি
ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সামরিক তৎপরতা নিয়ে দেশটির ওপর চাপ আরও বাড়িয়েছে যুক্তরাজ্য। নতুন একটি আইন প্রকাশের মাধ্যমে ইরানের সঙ্গে বাণিজ্য, আর্থিক লেনদেন, বিমান চলাচল ও জাহাজ ব্যবস্থাপনায় কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত নতুন আইনে ইরানের প্রযুক্তি, কৌশলগত পণ্য ও বিভিন্ন কারিগরি পরিষেবার ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করার কথা বলা হয়েছে। পাশাপাশি ব্রিটিশ আর্থিক ব্যবস্থায় ইরানের প্রবেশও কঠোরভাবে সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।নতুন বিধানের আওতায় বিশেষ অনুমতি ছাড়া ইরানের কোনো এয়ারলাইনসের বিমান যুক্তরাজ্যে অবতরণ করতে পারবে না। একই সঙ্গে ইরানি বাণিজ্যিক জাহাজ চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষকে।যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী স্টিফেন ডাউটি এক লিখিত বিবৃতিতে বলেন, নতুন আইন পাসের মাধ্যমে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা মোকাবিলায় ব্রিটিশ সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত হয়েছে।ব্রিটিশ সরকারের দাবি, ইরান যেন পারমাণবিক শক্তি অর্জনের মাধ্যমে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতেই এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।এদিকে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস নতুন নিষেধাজ্ঞা নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।