রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মাধবপুরে ২২ লাখ টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জের মাধবপুরে অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রোববার (১২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাধবপুর জাল বাজারের একটি গোডাউনে তল্লাশি চালানো হয়।অভিযানে গোডাউন থেকে ৩৬০ পিস চায়না দুয়ারী রিং জাল এবং ৯৫ পিস কারেন্ট জালসহ মোট ৪৫৫ পিস নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক, আনসার ও ভিডিপি সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উদ্ধার হওয়া সব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদী-হাওরের জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ অবৈধ জাল উৎপাদন, মজুত, ক্রয় বা বিক্রয়ের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, কারেন্ট জাল ও রিং জালের নির্বিচার ব্যবহারে ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাধবপুরে ২২ লাখ টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস