মোবাইল ফোন নিয়ে মায়ের বকুনি, কুড়িগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মায়ের শাসনের অভিমানে নিপা রাণী রায় (১৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নিপা রাণী রায় ওই এলাকার শ্রী নির্মল রায়ের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে নিপা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতেন। এ বিষয়টি নিয়ে রোববার সকালে তার মা তাকে মোবাইল ফোন ব্যবহার কমিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ ও শাসন করেন।এরপর দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে তিনি নিজ ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেন। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা শাসন করায় অভিমানে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।