সৈয়দপুরের নিখোঁজ অটোচালক রিপনের লাশ ৩ দিন পর দিনাজপুরের ডোবায় উদ্ধার
নীলফামারীর সৈয়দপুরে নিখোঁজ হওয়া অটোচালক রিপনের (২৮) মরদেহ তিন দিন পর দিনাজপুর সদর উপজেলার একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে সুন্দরবন ইউনিয়নের রামডুবি বাজার সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে।নিহত রিপন সৈয়দপুর পৌরসভার ঢেলাপীর উত্তরা আবাসনের বাসিন্দা আব্দুল মতিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার দুপুরে রিপন নিজের অটোরিকশা রেখে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে দিনাজপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রিপনের স্বজনরা সেটি দেখে সন্দেহ করেন। পরে দিনাজপুর সদর থানায় গিয়ে তারা মরদেহের পরিচয় নিশ্চিত করেন।পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ হত্যা মামলা রুজু করে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে।শুক্রবার সন্ধ্যায় মরদেহ সৈয়দপুরে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো রিপনকে দেখতে তাঁর বাড়িতে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। মাগরিবের নামাজের পর উত্তরা আবাসন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পুলিশ জানিয়েছে, রিপনের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।