৪৩ বছরের কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে ‘রাজকীয়’ বিদায়
দীর্ঘ ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনার, যা রূপ নেয় আবেগঘন মিলনমেলায়।অনুষ্ঠানে অংশ নিতে ছুটে আসেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।সকালে মোটরসাইকেল বহরের মাধ্যমে অধ্যক্ষ নাসির উদ্দিনকে বিদ্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নগদ অর্থ, ক্রেস্ট ও পাঞ্জাবি উপহার দেন। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার সম্মাননা প্রদান করা হয়।এছাড়া ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের পক্ষ থেকে তাকে একটি ওমরাহ প্যাকেজ উপহার দেওয়া হয়, যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেটকারে করে তাকে বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থীরা।জানা যায়, ১৯৮৩ সালের ১ অক্টোবর অফিস সহকারী হিসেবে সমতা স্কুল অ্যান্ড কলেজে কর্মজীবন শুরু করেন নাসির উদ্দিন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে ধাপে ধাপে সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং অবশেষে ২০১৮ সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।বিদায় সংবর্ধনায় আবেগঘন বক্তব্যে অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, “বিদায় সত্যিই কষ্টের, তবে শিক্ষার্থী ও সহকর্মীদের এমন ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। প্রতিষ্ঠানের প্রয়োজনে সবসময় পাশে থাকবো।”
সহকর্মী ও শিক্ষার্থীরাও তার অবদান স্মরণ করে বলেন, একজন আদর্শ শিক্ষক ও অভিভাবক হিসেবে তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।