তীব্র গরমে পথচারীদের শরবত বিতরণ, প্রশংসায় ভাসছে নাগেশ্বরী ব্লাড ব্যাংক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষের কষ্ট লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাগেশ্বরী ব্লাড ব্যাংক। মানবিক এ সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়েছে।শরবত বিতরণ কর্মসূচিতে সংগঠনের একদল স্বেচ্ছাসেবী অংশ নেন। প্রচণ্ড গরমে ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষের হাতে এক গ্লাস ঠান্ডা শরবত তুলে দিয়ে তারা মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। এ সময় শতাধিক পথচারী এ সেবার সুবিধা গ্রহণ করেন।সংগঠনের সদস্যরা জানান, তীব্র গরমে মানুষের দুর্ভোগ কিছুটা কমাতেই তাদের এই উদ্যোগ। তারা বলেন, “রক্তদানের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”শরবত গ্রহণকারী পথচারীরা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমের মধ্যে এমন আয়োজন সত্যিই স্বস্তিদায়ক ও প্রশংসনীয়। এতে যেমন তৃষ্ণা মিটেছে, তেমনি কিছুটা স্বস্তিও মিলেছে।স্থানীয় সচেতন মহল নাগেশ্বরী ব্লাড ব্যাংকের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।