সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

কোটি টাকার বরাদ্দ বাতিল ঠেকাতে নলছিটিতে অবস্থান কর্মসূচি

ঝালকাঠির নলছিটি পৌরসভা এলাকায় কোটি টাকার উন্নয়ন বরাদ্দ বাতিল ঠেকানো, অসম্পূর্ণ রাস্তাঘাট সংস্কার সম্পন্ন করা এবং নতুন প্রকল্প বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ নাগরিকরা।সোমবার (১৫ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নলছিটি পৌরসভা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সাধারণ নাগরিক’ ব্যানারে প্রায় তিন ঘণ্টার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষে প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে অসম্পূর্ণ উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা, প্রায় ১৩ কোটি টাকার প্রকল্প বরাদ্দ বাতিল না করে বাস্তবায়ন এবং পূর্বের বরাদ্দ কাজে রূপান্তর নিশ্চিত করা।তারা অভিযোগ করেন, ২০২০–২১ অর্থবছরের শুরু হওয়া নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের একাধিক কাজ এখনো অসম্পূর্ণ পড়ে আছে। একইভাবে ২০২৪–২৫ অর্থবছরের কিছু কাজ উদ্বোধনের পরও শেষ হয়নি।আন্দোলনকারীরা আরও বলেন, ২০২৫–২৬ অর্থবছরের বরাদ্দ থেকেও এখনো কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি, যা নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের দাবি, এই অর্থ যেন ফেরত না যায় এবং দ্রুত উন্নয়ন কাজে ব্যবহার করা হয়।বক্তারা অভিযোগ করে বলেন, পৌরসভার আধুনিকায়নের সুযোগ থাকা সত্ত্বেও প্রকল্পের অংশ বাতিলের পথে রয়েছে, যা স্থানীয় উন্নয়নের জন্য বড় বাধা।আন্দোলনকারীরা রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা, পার্ক ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়নের দাবিও জানান।সমন্বয়কারী ও সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য বলেন, উন্নয়ন প্রকল্প বাতিল হলে তা মেনে নেওয়া হবে না এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। আন্দোলন শেষে তারা নলছিটি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিজভী আহমেদ সবুজের কাছে স্মারকলিপি জমা দেন।

কোটি টাকার বরাদ্দ বাতিল ঠেকাতে নলছিটিতে অবস্থান কর্মসূচি