সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

জাবিপ্রবি গণিত বিভাগে নবীন বরণ, মিলনমেলায় পাঁচ ব্যাচের শিক্ষার্থীরা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) গণিত বিভাগে নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি বিভাগের পাঁচটি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাঠ প্রাঙ্গণে গণিত বিভাগের উদ্যোগে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান ও প্রক্টর ড. মোহাম্মদ সাদিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল। এ সময় গণিত বিভাগের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনেরও গুরুত্বপূর্ণ সময় এটি।তিনি আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের নতুন জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। গণিত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা ও জ্ঞানচর্চায় মনোযোগী হওয়ারও আহ্বান জানান তিনি।অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। এই সময়কে নিজেদের জ্ঞান, দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশে কাজে লাগাতে হবে।তিনি আরও বলেন, “গণিত বিভাগ একটি পরিবারের মতো। শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ইতিবাচক সম্পর্ক বিভাগের পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।” পাশাপাশি নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও গবেষণামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে গণিত বিভাগের পাঁচটি ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন ভিন্ন মাত্রা পায়। নবীনদের বরণ, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক মেলবন্ধন এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে একাডেমিক মাঠ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।আয়োজকরা জানান, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও গণিত বিভাগের পরিবেশের সঙ্গে পরিচিত করে তোলার পাশাপাশি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ-২০২৬-এর সমাপ্তি ঘটে।

জাবিপ্রবি গণিত বিভাগে নবীন বরণ, মিলনমেলায় পাঁচ ব্যাচের শিক্ষার্থীরা