শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

সাতক্ষীরায় কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম জিয়ার স্মরণে মসজিদ নির্মাণের ঘোষণা

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কলেজ চত্বরে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ঝাউডাঙ্গা কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ২০০০ সালে বেনাপোল যাওয়ার পথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঝাউডাঙ্গা কলেজের পাশে দীর্ঘ সময় আটকা পড়েছিলেন। সেই স্মৃতিকে স্মরণ করে এবং তার মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজ চত্বরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, কলেজের অবকাঠামো উন্নয়ন ও ভবন সংস্কারে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।পরে তিনি কলেজের নতুন ও পুরোনো শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রত্যেককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আনারুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক আলতাফ হোসেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ নুরুল আমিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মুরশিদ আলম, কাজিরহাট কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সাতক্ষীরায় কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে  বেগম জিয়ার স্মরণে মসজিদ নির্মাণের ঘোষণা