মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

খুলনার ৫ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে বিএনপির হেভিওয়েট নেতারা

খুলনায় স্থানীয় সরকার, নগর উন্নয়ন, পানি সরবরাহ, জেলা অবকাঠামো উন্নয়ন এবং ক্রীড়া খাতের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পাঁচ নেতা। সংশ্লিষ্টদের মতে, এসব প্রতিষ্ঠানে নতুন নেতৃত্বের মাধ্যমে জনসেবা, প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসতে পারে।দায়িত্বপ্রাপ্তরা হলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খুলনা অঞ্চলের পরিচালক শফিকুল আলম তুহিন।গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু কেসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পান। নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন।পরবর্তীতে ১৫ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এস এম মনিরুল হাসান বাপ্পী খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পর জেলা অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।১৩ জুন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। দায়িত্ব গ্রহণের পর তিনি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য খুলনা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।সবশেষ ১৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিকে আগামী তিন বছরের জন্য খুলনা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চারবারের কমিশনার, চারবারের ভারপ্রাপ্ত মেয়র এবং এক মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওয়াসার সেবার মানোন্নয়নে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।এদিকে শফিকুল আলম তুহিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খুলনা অঞ্চলের পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। ক্রীড়া সংশ্লিষ্টদের আশা, তার নেতৃত্বে খুলনা অঞ্চলের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রতিভা বিকাশে ইতিবাচক অগ্রগতি হবে।সংশ্লিষ্ট মহলের মতে, প্রশাসন, নগর পরিকল্পনা, পানি সরবরাহ, জেলা উন্নয়ন এবং ক্রীড়া খাতে অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে খুলনার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হতে পারে। তবে এসব প্রত্যাশা বাস্তবে কতটা পূরণ হবে, তা নির্ভর করবে দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রম ও ভবিষ্যৎ উদ্যোগের ওপর।

খুলনার ৫ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে বিএনপির হেভিওয়েট নেতারা