ত্রিশালে জমকালো আয়োজনে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত
ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসন ও সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত ১২৭তম নজরুল জয়ন্তীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ মে) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান।প্রধান অতিথি বলেন, এবারের নজরুল জয়ন্তীর মাধ্যমে ত্রিশালবাসীর অন্যতম অর্জন হলো এখানে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর কার্যক্রম শুরু হওয়া। তিনি আরও বলেন, আগামী এক বছর ত্রিশালকে কেন্দ্র করে নজরুলবর্ষ ঘোষণা করা হয়েছে এবং ভবিষ্যতে এখানে “নজরুল সিটি” গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে সারা দেশে নজরুল চর্চা এখান থেকে পরিচালিত হতে পারে।তিনি জানান, নজরুল যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই ঐতিহাসিক শ্রেণিকক্ষ অক্ষত রাখা হয়েছে, যা আন্তর্জাতিক ঐতিহাসিক স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।অনুষ্ঠানের সভাপতি বলেন, নজরুল জয়ন্তীর আয়োজন ইতোমধ্যে ময়মনসিংহ বিভাগের আরও চারটি জেলায় সম্প্রসারণ করা হয়েছে। ভবিষ্যতে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সে অনুযায়ী কর্মপরিকল্পনা সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি তিনদিনব্যাপী এই আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও অঙ্গসংগঠনকে ধন্যবাদ জানান।