সৈয়দপুরে ৭৫০ কেজি নকল কীটনাশক জব্দ, নারীকে ৫০ হাজার টাকা জরিমানা
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রায় ৭৫০ কেজি নকল কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ ঘটনায় এক নারীকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (৫ জুন) বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিকপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি বিভাগের যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযানে অভিযোগ পাওয়া যায়, বালু, ইটের গুঁড়া ও রং ব্যবহার করে বিভিন্ন কোম্পানির মোড়কে নকল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ কেজি প্যাকেটজাত এবং ৪৫০ কেজি খোলা নকল কীটনাশক জব্দ করা হয়।পরে অভিযুক্ত নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে কিছু অংশ নদীতে ফেলা ও মোড়ক পুড়িয়ে ফেলার বিষয়টি নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নকল কীটনাশক তৈরি ও বাজারজাতের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।