দিরাইয়ের বরাম হাওরে নৌকাযোগে ধান লুটের অভিযোগ
সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরে কৃষকদের জমির ধান নৌকাযোগে লুট করার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, হাওরের পানি কমে গেলে ভেসে ওঠা ধান কেটে একটি চক্র নৌকায় করে নিয়ে যাচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু লোক নৌকা নিয়ে হাওরে প্রবেশ করে কৃষকদের অবশিষ্ট ধান কেটে নিয়ে যায়।এ বিষয়ে তাড়ল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল দাস বলেন, হাওরের অনেক ধান পানিতে নষ্ট হলেও কিছু ধান অবশিষ্ট ছিল, যা এখন জোর করে কেটে নিয়ে যাওয়া হচ্ছে।ভাঙাডহর গ্রামের কৃষক হরিবল দাস অভিযোগ করেন, বাধা দিলেও দুর্বৃত্তরা কারও কথা শুনছে না এবং জোরপূর্বক ধান লুট করছে।ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (১২ মে) সকালে দিরাই থানা পুলিশের একটি দল এসআই মাসুদুল হক মাসুমের নেতৃত্বে হাওরে অভিযান চালায়।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় কৃষকরা হাওরে নিরাপত্তা জোরদার এবং ধান লুটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।