রাণীশংকৈল ভাটাপাড়ায় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দোশিয়া ভাটাপাড়া এলাকায় নতুন একটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নেওয়া এ উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ-রাণীশংকৈল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। তিনি আনুষ্ঠানিকভাবে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি আধুনিক মসজিদ নির্মিত হলে স্থানীয় মুসল্লিদের ইবাদত আরও সহজ হবে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। তিনি ভবিষ্যতেও এলাকার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ)। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মসজিদের দ্রুত ও সফল নির্মাণ, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করা হয়।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়ে মসজিদটি এলাকার ধর্মীয় চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।