শাল্লা কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি হারুন সম্পাদক অশেষ
যে অপরের কল্যাণ করে, সে সবার আগে নিজের কল্যাণ করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত এ সম্মেলনে শাল্লা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্টজন ও সংগঠনের সদস্যরা অংশ নেন।সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মো. সুলেমান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট দীপু রঞ্জন দাস।স্বাগত বক্তব্যে মো. সুলেমান মিয়া সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে শাল্লাবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট রাগীব-রাবেয়া কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন, সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রঞ্জিত চক্রবর্তী এবং হাওর ও জলবায়ু অধিদপ্তরের উপপরিচালক পল্লভ হুম দাস।এ ছাড়া বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য রানা রঞ্জন চৌধুরী, চিন্তা হরণ চৌধুরী, সজল কান্তি দাস, বিবেকানন্দ দাস (রান্টু) ও মো. দেলোয়ার হোসেন তালুকদার।বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শাল্লাবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন অশেষ তালুকদার।এ ছাড়া সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দিতে ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এবং শাল্লাবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।