চাকরির সুযোগ বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই
বাংলাদেশ থেকে চলতি বছর ৬ হাজার ড্রাইভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের ইউএই দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। রোববার ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানায় কোম্পানিটির প্রতিনিধিদল।প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার কারণে তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন।তারা আরও জানান, সোমবার ১৮ মে থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন ড্রাইভার বাছাই কার্যক্রম শুরু হবে। এ দফায় ১ হাজার ৫০০ ড্রাইভার নিয়োগের পাশাপাশি পুরো বছরজুড়ে মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি।প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভবিষ্যতেও এ ধরনের কর্মী নিয়োগ অব্যাহত থাকবে বলে আশা করছে সরকার। পুরো নিয়োগ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।মন্ত্রী আরও বলেন, দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করার বিষয়টি কোম্পানিকে বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ দক্ষ পেশাজীবী কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি।
এদিকে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে বর্তমানে অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী ঋণ বা ধার করে বিদেশে যান। তাই অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য কোম্পানির প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।