ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অভিযান, জব্দ কয়েক কিলোমিটার অবৈধ জাল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মা ইলিশের প্রজনন রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে দুধকুমার নদে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ। অভিযানে কয়েক কিলোমিটার নিষিদ্ধ চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত দুধকুমার নদের সমামদার ঘাট থেকে আন্ধারীরঝাড়ের ধাউরারকুঠি পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। এ সময় উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধের লক্ষ্যে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি ও নজরদারি চালানো হয়।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, দুধকুমার নদ সরু এবং বিভিন্ন স্থানে চরবেষ্টিত হওয়ায় দূর থেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে সরে যান। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদীর বিভিন্ন স্থান থেকে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর মাছের প্রজনন, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।