জোতার নামে বিদ্রূপ, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞা চান রোনালদো
প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতার নাম ধরে তার ঘনিষ্ঠ বন্ধু ও পর্তুগাল সতীর্থ রুবেন নেভেসকে বিদ্রূপের অভিযোগ উঠেছে সৌদি ক্লাব আল তাওয়াউনের একদল সমর্থকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ওই দর্শকদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।শনিবার সৌদি প্রো লিগের ম্যাচে আল তাওয়াউনের মাঠে খেলতে যায় আল হিলাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বাগতিক সমর্থকদের কাছাকাছি জায়গায় ফ্রিকিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আল হিলালের মিডফিল্ডার রুবেন নেভেস। এ সময় গ্যালারি থেকে বারবার ‘জোতা, জোতা’ স্লোগান শোনা যায়।ঘটনার ভিডিওতে ইনস্টাগ্রামে মন্তব্য করে রোনালদো লেখেন, লিগ কর্তৃপক্ষকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এমন আচরণের শাস্তি দিতে হবে। তার মতে, ফুটবলে সবকিছুরই একটি সীমা থাকা উচিত। যারা এমন আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেওয়া উচিত নয়।আল নাসরের হয়ে খেলা রোনালদো জাতীয় দলে নেভেসের সতীর্থ। দিয়োগো জোতার সঙ্গেও দীর্ঘদিন খেলেছেন তিনি। ক্লাব ফুটবলে প্রতিপক্ষ হলেও বন্ধুর প্রতি এমন আচরণের ঘটনায় নেভেসের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ অধিনায়ক।ভিডিওতে দেখা যায়, দর্শকদের বিদ্রূপের জবাবে নেভেস প্রথমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হাততালি দেন। পরে আকাশের দিকে আঙুল তুলে এবং নিজের চোখের দিকে ইশারা করে গ্যালারির ওই অংশের দর্শকদের প্রতিক্রিয়া জানান।ম্যাচ শেষে সাংবাদিকদের পাশ দিয়ে যাওয়ার সময় নেভেস বলেন, ‘ওরা যা করেছে, এরপর যেন আর প্রার্থনা করতে না যায়, এটুকুই আশা করি।’ তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।২০২৫ সালের জুলাইয়ে স্পেনের জামোরায় সড়ক দুর্ঘটনায় মারা যান দিয়োগো জোতা। লিভারপুলের এই ফরোয়ার্ডের বয়স হয়েছিল ২৮ বছর। একই দুর্ঘটনায় প্রাণ হারান তার ২৫ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভাও।নেভেস ও জোতার বন্ধুত্বের শুরু পর্তুগালের বয়সভিত্তিক দল ও পোর্তোয় একসঙ্গে খেলার সময়। ২০১৭ সালের জুলাইয়ে দুজনই যোগ দেন উলভারহ্যাম্পটনে। সেখানে তিন মৌসুম সতীর্থ ছিলেন তারা। একই এলাকায় বসবাসের পাশাপাশি দুই পরিবারের মধ্যেও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক।বন্ধুর স্মৃতি ধরে রাখতে নিজের বাঁ পায়ে জোতাকে আলিঙ্গন করার একটি ছবি ট্যাটু করিয়েছেন নেভেস। জোতার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজনও ছিলেন তিনি। পর্তুগাল জাতীয় দলে জোতার ২১ নম্বর জার্সিও দেওয়া হয় নেভেসকে।শনিবারের ম্যাচে আল তাওয়াউনকে ৬–০ গোলে উড়িয়ে দেয় আল হিলাল। গাব্রিয়েল মার্তিনেল্লি করেন হ্যাটট্রিক, আর অলি ওয়াটকিন্স করেন জোড়া গোল। এই জয়ে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সৌদি লিগের শীর্ষে ওঠে সিমোনে ইনজাগির দল।