রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

দিল্লিতে ৫ তলা ভবন ধসে নিহত ৯, ধ্বংসস্তূপে বহু আটকে থাকার শঙ্কা

ভারতের রাজধানী দিল্লির মেহরৌলি থানা এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন।শনিবার (৩০ মে) সন্ধ্যায় আকস্মিকভাবে পুরোনো ভবনটি ধসে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা একাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন।শেষ খবর অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অন্তত ১২ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়দের ধারণা, এখনো আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। ফলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই পুরোনো ভবনটি ভেঙে পড়ে এবং এর কিছু অংশ পাশের একটি স্থাপনার ওপর গিয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বিভাগ এবং দিল্লি পুলিশ। উদ্ধার হওয়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।দিল্লি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভবনটির নির্মাণ অনুমোদন, মালিকানা এবং রক্ষণাবেক্ষণে কোনো অনিয়ম ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।এদিকে উদ্ধার অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দুর্ঘটনার পর প্রথম পর্যায়ে প্রশাসনের তুলনায় স্থানীয়দের ভূমিকা বেশি ছিল।

দিল্লিতে ৫ তলা ভবন ধসে নিহত ৯, ধ্বংসস্তূপে বহু আটকে থাকার শঙ্কা