ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পিয়ংইয়ংয়ের, সতর্ক দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়া পীত সাগরের দিকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কয়েকটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর কোরিয়ার চংজু শহর থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। বর্তমানে ক্ষেপণাস্ত্রের ধরন ও সক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে।সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। এটি চলতি বছরে উত্তর কোরিয়ার অষ্টম ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গত ৩৭ দিনের মধ্যে প্রথম উৎক্ষেপণ।পীত সাগর কোরীয় উপদ্বীপ ও চীনের মধ্যবর্তী জলসীমা হিসেবে পরিচিত। নতুন এই উৎক্ষেপণের পর সম্ভাব্য আরও পরীক্ষার আশঙ্কায় দক্ষিণ কোরিয়া নজরদারি ও সামরিক সতর্কতা জোরদার করেছে।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সমন্বয় করে তারা পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং নিবিড়ভাবে গোয়েন্দা তথ্য বিনিময় করছে।এর আগে গত এপ্রিলে উত্তর কোরিয়া একই ধরনের আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। সে সময় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, ক্লাস্টার বোমার ওয়ারহেডের কার্যকারিতা যাচাই করতেই ওই পরীক্ষা করা হয়।
এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি সপ্তাহে উত্তর কোরিয়া সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।