নেপালে টানা বৃষ্টি-তুষারপাতের মধ্যে দুর্ঘটনা, উদ্ধার অভিযান চলছে।
নেপালের পশ্চিমাঞ্চলীয় মানাং জেলায় হিমলুং হিমাল পর্বতশৃঙ্গে তুষারধসে পর্বতারোহী ও সহায়ক কর্মীসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। স্থানীয় গণমাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে।৭ হাজার ১২৬ মিটার (২৩ হাজার ৩৭৯ ফুট) উচ্চতার হিমলুং হিমাল এলাকায় টানা বৃষ্টি ও তুষারপাতের মধ্যেই তুষারধসের ঘটনা ঘটে।নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রাম কৃষ্ণ লামিছানে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চলছে।এদিকে দেশটির পালপা জেলায় ভূমিধসে একটি বসতিতে অন্তত একজন নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন।অন্যদিকে পার্বত জেলায় কালীগণ্ডকী নদীর পানি বেড়ে একটি বসতি প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮০টি ঘরবাড়ি ভেসে গেছে বলে জানা গেছে।
এর আগে গত মাসেও নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ১ হাজার ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু এবং ৫ হাজারের বেশি মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।