মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

অসহায় পরিবারে ঘর দিলেন এমপি রায়হান সিরাজী

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর ব্রিফবাজার এলাকায় একটি সংস্থার অর্থায়নে অসচ্ছল পরিবারের জন্য নির্মিত একটি নতুন ঘর উদ্বোধন ও হস্তান্তর করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।সোমবার ১১ মে দুপুরে মৃত জয়নাল আবেদীন নিরাশার পরিবারের কাছে ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে এমপি রায়হান সিরাজীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের দুর্ভোগ, আতঙ্ক ও ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা তুলে ধরেন।এ সময় এমপি রায়হান সিরাজী বলেন, তিস্তা তীরবর্তী মানুষের কষ্ট তিনি কাছ থেকে দেখেছেন। নদীভাঙন মানুষের বসতভিটা যেমন কেড়ে নেয়, তেমনি তাদের স্বপ্ন ও নিরাপত্তাও নষ্ট করে। অসচ্ছল পরিবারের জন্য এই গৃহ হস্তান্তর মানবিক দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন তিনি।তিনি আরও জানান, তিস্তা তীরবর্তী এলাকায় টেকসই বাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং স্থানীয়দের দাবি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা শ্রমিক সভাপতি মো. বেলাল আবেদীন, গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, নোহালী ইউনিয়ন আমির মাওলানা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা দ্রুত স্থায়ী ভাঙনরোধ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

অসহায় পরিবারে ঘর দিলেন এমপি রায়হান সিরাজী