মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মবের অভিযোগ তুলে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড নিলেন না তাহসিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে নিজ বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার স্বীকৃতি হিসেবে দেওয়া ডিনস অ্যাওয়ার্ড গ্রহণ করেননি এ আর তাহসিন জাহান।সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ে মবের আক্রমণের শিকার হওয়ার দাবি এবং পরবর্তী সময়ে শিক্ষাজীবনে বাধার অভিযোগ থেকেই তিনি পুরস্কারটি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন।চার বছরের পরিশ্রমের পর এই পুরস্কার পাওয়ার কথা ছিল উল্লেখ করে তাহসিন বলেন, একসময় যে স্বীকৃতির জন্য তিনি অপেক্ষা করেছেন, তা প্রত্যাখ্যান করা তাঁর জন্য সহজ ছিল না। তবে একটি প্রতিষ্ঠানের নৈতিক দায়বদ্ধতা তাঁর কাছে যেকোনো পুরস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ।তাহসিনের দাবি, ২০২৪ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছিল। ফাইনাল ভাইভায় অংশ নেওয়া ও থিসিস জমা দেওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়েন তিনি। নিরাপত্তার কারণে ক্যাম্পাসে ফিরতে না পারায় কয়েকজন শিক্ষকের সহযোগিতায় অনলাইনে ভাইভায় অংশ নিয়ে স্নাতক শেষ করেন বলে জানান।শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাহসিন বলেন, তাঁর অর্জনের পেছনে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার ইন পাবলিক পলিসি প্রোগ্রামে অধ্যয়নরত তাহসিন। তাঁর বক্তব্য, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষার অধিকার বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে অনুষদের ১৬টি বিভাগের ৪৮ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। একই অনুষ্ঠানে সেরা গ্রন্থ ও নিবন্ধের জন্য দুজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়।

মবের অভিযোগ তুলে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড নিলেন না তাহসিন