রাঙামাটিতে তাঁতীদলের কমিটি নিয়ে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তোলপাড়
রাঙামাটি জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (৭ মে, ২০২৬) বেলা ১১টায় রাঙামাটি শহরে বিএনপির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।লিখিত বক্তব্যে নেতারা দাবি করেন, কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়াই জাল স্বাক্ষরের মাধ্যমে একটি বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে।তারা জানান, গত ৫ মে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাঙামাটি জেলা তাঁতীদলের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। পরে বিষয়টি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কমিটি সম্পর্কে অবগত নন বলে জানান এবং নিজের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তোলেন।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ঘোষিত কমিটিতে এমন একজনকে সভাপতি করা হয়েছে, যিনি নারী কেলেঙ্কারির অভিযোগে ২০২৫ সালের ২৮ মে জেলা বিএনপি থেকে বহিষ্কৃত হন এবং সেই বহিষ্কারাদেশ এখনও প্রত্যাহার হয়নি।তাঁতীদল নেতারা অভিযোগ করেন, এ ধরনের বিতর্কিত কমিটি গঠনের ফলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ওই কমিটি বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে রাঙামাটি জেলা তাঁতীদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।